ছবি : রয়টার্স
রোমেলু লুকাকুকে ঘিরে দলবদলের নাটকের অবসান হতে যাচ্ছে। ইতালি ও তুরস্কের শীর্ষস্থানীয় ক্রীড়া মাধ্যমগুলোর দাবি, নাপোলির বেলজিয়ান সেন্টার ফরোয়ার্ডকে দলে নিতে দলবদল ফি নিয়ে সমঝোতায় পৌঁছেছে তুর্কি পরাশক্তি ফেনারবাচে।
স্কাই স্পোর্ট ইতালি ও দলবদল বিশেষজ্ঞ জিয়ানলুকা দি মারজিওর তথ্যমতে, ৬ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত বোনাসের বিনিময়ে লুকাকুকে ফেনারবাচের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে নাপোলি।
এর আগে ২০২৪ সালের গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৩০ মিলিয়ন ইউরো ও বোনাস চুক্তিতে চেলসি থেকে নাপোলিতে যোগ দিয়েছিলেন লুকাকু। এসেই সেই মৌসুমে পার্তেনোপেইদের সিরি আ শিরোপা জেতাতে মূল ভূমিকা রাখেন এই স্ট্রাইকার। তবে ২০২৪ সালে সই করা তিন বছরের চুক্তির শেষ ১২ মাসে পা রাখা লুকাকুর স্থায়িত্ব এবার অনিশ্চিত হয়ে পড়েছিল।বিশেষ করে গত বছরের দলবদলে রাসমুস হয়লুন্দ নাপোলিতে যোগ দেওয়ার পর স্তাদিও স্ট্যাডিও মারাদোনায় নিয়মিত একাদশে নিজের জায়গা হারিয়ে ফেলেন এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
স্কাই স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, লুকাকু ইতিমধ্যে ফেনারবাচের চিকিৎসা পরীক্ষার প্রাথমিক ধাপ সম্পন্ন করেছেন। শিগগিরই ইস্তাম্বুলের বিমান ধরবেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।
অন্যদিকে, লুকাকু ক্লাব ছাড়ার পথ ধরার পরপরই তাঁর বিকল্প খুঁজতে মাঠে নেমে পড়েছে নাপোলি।গত কয়েক দিনের গুঞ্জন অনুযায়ী, বেলজিয়ান তারকা গেলে তার শূন্যস্থান পূরণে আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে স্ট্যাডিও মারাদোনায় আনার তোড়জোড় চালাচ্ছে ইতালিয়ান ক্লাবটি।










































