গার্দিওলার তীব্র সমালোচনা করলেন মরিনহো

হোসে মরিনহো ও পেপ গার্দিওলার পুরনো দ্বৈরথ নতুন করে রূপ নিয়েছে। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ মরিনহো ম্যানচেস্টার সিটির সাবেক বস গার্দিওলার ফুটবল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করে একে ‘দুর্বলতার লক্ষণ’ বলে আখ্যা দিয়েছেন।নেটফ্লিক্সের একটি তথ্যচিত্রে রিয়াল বস পেপ গার্দিওলাকে কটাক্ষ করে এই মন্তব্য করেন।

ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, কোচিং থেকে স্বেচ্ছায় বিরতি নেওয়ার বিষয়ে করা প্রশ্নে, গার্দিওলাকে কটাক্ষ করে বিদ্রূপ মন্তব্য করেন ‘দ্য স্পেশাল ওয়ান’। একবার কথা শুরু করার পর মরিনহো তার এই অবস্থানে অটল থেকে বলেন, ‘আমার কাছে, দীর্ঘ ছুটি দুর্বলতার লক্ষণ, যা আমি ঘৃণা করি। আমি এই শব্দটি প্রচণ্ড ঘৃণা করি।তাই এ বিষয়ে আমাকে আর প্রশ্ন করবেন না।’

২০১২ সালে বার্সেলোনা ছাড়ার পর পেপ এক বছরের বিরতি নিয়েছিলেন। ম্যানচেস্টার সিটির দায়িত্বে দশ বছর কাটানোর পর আবার এই সাবেক কাতালান কোচ বর্তমানে ছুটি উপভোগ করছেন। এর মাঝে ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে তা ফিরিয়ে দেন বিশ্রাম ও পরিবারকে সময় দিতে চাওয়ায়।

এর বিপরীতে মরিনহো বলেছেন, তিনি ফুটবল ছাড়া জীবনটাকে কল্পনা করতে পারেন না। তার জগৎ মানেই ৫০হাজার বা ৯০হাজার দর্শকের স্টেডিয়াম। 

তিনি আরো অন্তত দশ বছর, এমনকি সম্ভবত ৭০ বছর বয়স পর্যন্ত কোচ হিসেবে কাজ করতে চান। ৬৩ বছর বয়সী এই কোচ জোর দিয়ে বলেন, ‘আমি আরো শিরোপা জিততে চাই।’

আকাশের দিকে আঙুল তুলে প্রতীকী ভঙ্গিতে তিনি যোগ করেন, ‘যখন ওপরওয়ালা সিদ্ধান্ত নেবেন যে আমার থামা উচিত, তখনই থামব।’

LEAVE A REPLY