ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগার বন্ধ

সংগৃহীত ছবি

উক্রেনীয় ড্রোন হামলার দুই দিন পর রাশিয়ার ওরস্ক শহরের একটি তেল শোধনাগার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে জানিয়েছেন দেশটির ওরেনবুর্গ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি সলন্তসেভ।একই সঙ্গে তিনি গাড়িচালকদের জন্য জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা জানিয়েছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সলন্তসেভ বলেন, ড্রোন হামলার বিস্ফোরণের ধ্বংসাবশেষে শোধনাগারটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অবকাঠামো এখনই মেরামত করা সম্ভব হচ্ছে না। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা এবং নিষেধাজ্ঞার কারণে সেগুলো মেরামতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি বলেন, শোধনাগারটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে এখন থেকে এ অঞ্চলের বাইরে থেকে আনা জ্বালানি সরবরাহের ওপর নির্ভর করতে হবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলতি বছর রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেন হামলা আরও জোরদার করেছে। এর ফলে দেশটির বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে।

২০২২ সালে রাশিয়ার শুরু করা পূর্ণমাত্রার যুদ্ধ অব্যাহত রাখার খরচ মস্কোর জন্য বাড়িয়ে দেওয়াই এসব হামলার অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY