যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাই স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২৮ আগস্ট) আমেরিকারাস হাই স্কুলে এই হামলার ঘটনা ঘটে।তবে ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
এল পাসো কাউন্টি শেরিফের কার্যালয়ের কমান্ডার জেরোম ওয়াশিংটন জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের বেসবল মাঠের কাছে ছুরি নিয়ে হামলার খবর পাওয়া যায়। আহত শিক্ষার্থীদের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। একজন শিক্ষার্থী হামলার শিকার হলে অন্য দুইজন তাকে বাঁচাতে গিয়ে জখম হয়।আহতদের হাসপাতালে নেওয়া হলে দুইজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং সবাই বর্তমানে শঙ্কামুক্ত।
ঘটনার পরপরই সতর্কতা হিসেবে স্কুলটিতে লকডাউন জারি করা হয়। জেলা পুলিশ ঘটনার স্থান থেকেই ১৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে। তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হচ্ছে।তবে অভিযুক্ত কিশোর ওই স্কুলের শিক্ষার্থী কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্কুল ডিস্ট্রিক্ট বোর্ড জানিয়েছে, অন্য সব শিক্ষার্থী ও কর্মীরা নিরাপদে রয়েছেন এবং তাদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। টেক্সাস রেঞ্জার্স ও স্থানীয় পুলিশ ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।











































