তবে শুধু একসঙ্গে কাজের আগ্রহ থাকলেই হবে না, দেবের মতে, প্রয়োজন একটি উপযুক্ত চিত্রনাট্যের। এমন একটি গল্প, যেখানে দর্শক আবারও নতুনভাবে অনুভব করতে পারবেন দেব-জিতের পুরনো রসায়ন।
দেবের এই বক্তব্যে স্বাভাবিকভাবেই আশায় বুক বাঁধছেন তাঁদের ভক্তরা। ‘দুই পৃথিবী’র পর নতুন কোনো গল্পে দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
এর আগে দেবের ক্যারিয়ারের ২০ বছর উদ্যাপনের আয়োজনে জিতের অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছিল। ‘ধূমকেতু’র বিশেষ প্রদর্শনীতেও দেখা যায়নি তাঁকে। ফলে দুই তারকার সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।
তবে সেসব আলোচনা যে এখন অতীত, তা যেন আরো স্পষ্ট হয়েছে জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে দেবের উপস্থিতিতে। জিতের সিনেমার বক্স অফিস আয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখেও ভক্তদের জবাব দিয়েছিলেন দেব। এবার সরাসরি জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে দুই তারকার পারস্পরিক সম্পর্ক নিয়েও নতুন বার্তা দিলেন তিনি।
অন্যদিকে দেবের সঙ্গে আবার সিনেমায় কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন জিৎও। সাংবাদিকদের সামনে দেবের আগামী সিনেমার জন্য শুভকামনা জানান তিনি। সেই সঙ্গে দেবের ছবির বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ পেলে হাজির হওয়ার কথাও বলেন।
দেবকে আলিঙ্গন করে জিৎ বলেন, ‘দেশু ৭-এর জন্য অনেক শুভেচ্ছা। আমাকে ডাকবে, আমি আবার আসব।’
দুই তারকার এমন উষ্ণতায় ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের তুলনা, প্রতিদ্বন্দ্বিতা আর ভক্তদের পৃথক শিবিরের বাইরে দেব-জিৎ যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, সাম্প্রতিক এই মুহূর্ত যেন সেটিই আরো স্পষ্ট করে দিল।











































