সংগৃহীত ছবি
সন্তান জন্মের দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর এরপরই তার চেহারা ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-কটাক্ষ।
তবে এমন পরিস্থিতি ক্যাটরিনার জন্য নতুন নয়। সন্তান জন্মের পর বলিউড অভিনেত্রীদের চেহারা ও শরীরের পরিবর্তন নিয়ে মন্তব্য করার প্রবণতা বহুদিনের। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ক্যাটরিনার নামও।
এরই মধ্যে ‘কেমন দেখতে লাগছে’—এই ধারণা নিয়ে ক্যাটরিনার একটি পুরনো সাক্ষাৎকারের বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’র সঙ্গে এক আলাপচারিতায় অভিনেত্রী জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর সময়ের তুলনায় এখন তার কাছে সুন্দর দেখানোর সংজ্ঞা অনেকটাই বদলে গেছে।
ক্যাটরিনা বলেছিলেন, ‘এটা অনেক বদলে গেছে। মডেলিং ও অভিনয়জীবনের শুরুর দিকে সৌন্দর্যের মানদণ্ড নিয়ে অনেক ধরনের বাঁধাধরা ধারণা ছিল। এখন আমার কাছে নিজের সেরা দেখানোর অর্থ হলো নিজের সবচেয়ে ভালো অনুভব করা।
আর সেটা আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেওয়ার মাধ্যমে।’
নিজেকে ভালো রাখার জন্য স্বাস্থ্যকর খাবার, শরীরে প্রদাহ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত সক্রিয় থাকা, ধ্যান, সকালে এক ঘণ্টা ফোন থেকে দূরে থাকা এবং ঘুম থেকে ওঠার পর প্রাকৃতিক আলো নেওয়ার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেন বলেও জানান অভিনেত্রী।
ক্যাটরিনার ভাষায়, ‘স্বাস্থ্যকর খাবার, শরীরে প্রদাহ নিয়ন্ত্রণে রাখা, সক্রিয় থাকা, ধ্যান, সকালে এক ঘণ্টা ফোন থেকে দূরে থাকা এবং দিনের শুরুতেই প্রাকৃতিক আলো নেওয়া—এসব আমার অনুভূতিতে বড় পরিবর্তন আনে। শেষ পর্যন্ত এর প্রভাব আমার ত্বকের ওপরও পড়ে। আমার মনে হয়, আপনি যখন ভেতর থেকে সুস্থ অনুভব করেন, সেই আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বাইরেও ফুটে ওঠে।’
এদিকে ক্যাটরিনার সাম্প্রতিক ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার চেহারার পরিবর্তন নিয়ে কটাক্ষ করেছেন, আবার কেউ তার পাশে দাঁড়িয়ে সমালোচনার জবাব দিয়েছেন।
এক এক্স ব্যবহারকারী ক্যাটরিনার আগের ও বর্তমান সময়ের ছবি পাশাপাশি প্রকাশ করে লিখেছেন, ‘আমি ভাবছি, বিয়ের আগে এবং বিয়ের পর আমরা যে ক্যাটরিনাকে দেখতাম, তার কী হলো।’
গণেশ চতুর্থীর একটি অনুষ্ঠানে ক্যাটরিনার ভিডিও প্রকাশ করে আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘বছরের পর বছর মুখে বোটক্স ব্যবহার করে এবং প্রাকৃতিক ত্বকের বদলে প্লাস্টিক ব্যবহার করলে এভাবেই বয়স বাড়ে।’
অন্যদিকে ক্যাটরিনার সমর্থনে এগিয়ে এসেছেন অনেক অনুরাগী। এক ভক্ত লিখেছেন, ‘সে নতুন মা হয়েছে, তার শরীরের আপনাদের বিচার নয়, ভালোবাসা প্রয়োজন। নারীদের শরীর নিয়ে কটাক্ষ না করে তাদের সুস্থ হয়ে ওঠার সময় দিন, মাতৃত্বকে গ্রহণ করার সুযোগ দিন।’
ওই অনুরাগী আরো বলেন, ক্যাটরিনা তার বর্তমান চেহারা নিয়ে স্বচ্ছন্দ থাকার মাধ্যমে অনেক নারীকে নিজেদের শরীর নিয়ে ইতিবাচক হতে সাহায্য করছেন। তার দাবি, ক্যাটরিনার চাইলে ওজন কমানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষক ও পুষ্টিবিদ পাওয়ার সুযোগ রয়েছে; কিন্তু তিনি শরীরের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নিজের জীবন উপভোগ করছেন।
ক্যাটরিনা কাইফ ও তার স্বামী ভিকি কৌশল ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্রসন্তানের বাবা-মা হন। তাদের সন্তানের নাম ভিহান। সন্তান জন্মের এক বছরও পূর্ণ হয়নি। এর মধ্যেই ক্যাটরিনার চেহারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনা শুরু হওয়ায় বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এই সমালোচনা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি ক্যাটরিনা কাইফ।











































