অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ‘সমঝোতা’, অ্যাশেজে আর থাকছে না দিবা-রাত্রির টেস্ট

২০২৭ সালের পর থেকে অ্যাশেজে আর দিবা-রাত্রির টেস্ট দেখা যাবে না। ছবি: এএফপি

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ নিয়ে যুদ্ধের দামামা বাজে। মাঠ থেকে কথার লড়াই—সব জায়গাতেই থাকে বাড়তি উত্তেজনা।

সর্বশেষ কয়েকটি সিরিজে অ্যাশেজে বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। তবে অদূর ভবিষ্যতে এই সিরিজে আর দিবা-রাত্রির টেস্ট দেখা যাবে না।

দ্বিপক্ষীয় সফর সূচি নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আলোচনার পর গোলাপি বলের টেস্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্দেশনা অনুযায়ী, দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন।

জানা গেছে, এ বিষয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অবস্থান পরিষ্কার। তারা মনে করে, অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ সিরিজে আলাদা করে দিবা-রাত্রির টেস্টের প্রয়োজন নেই।

যদিও অস্ট্রেলিয়ায় গোলাপি বলের টেস্টকে দর্শক টানার নতুন উপায় হিসেবে দেখা হয়ে আসছিল। বিশেষ করে সম্প্রচারকারীরা চাইতেন, সিরিজের অন্তত একটি ম্যাচ যেন দিবা-রাত্রির হয়।

তবে চলতি মৌসুমে অ্যাশেজ সিরিজে রেকর্ড পরিমাণ দর্শক দেখেছে অস্ট্রেলিয়া। ফলে তারাও মনে করছে, দর্শকদের আগ্রহ বাড়াতে অতিরিক্ত কৌশলের প্রয়োজন নেই।

সর্বশেষ অ্যাশেজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। দুই দল এখন পর্যন্ত চারটি দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে। সব কটিতে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়া।

আগামী বছর ১১ থেকে ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্টের ১৫০ বর্ষপূর্তিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। সেটিই হতে যাচ্ছে দুই দলের শেষ দিবা-রাত্রির টেস্ট।

LEAVE A REPLY