রোনান সুলিভান। ছবি: ইন্সটাগ্রাম
মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। ১ থেকে ১০ জুন পর্যন্ত হতে চলা এই আসরের অন্য দুই দল পাকিস্তান ও আফগানিস্তান।
শুরুতে এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। তবে পরে আয়োজকদের অনুরোধে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বাফুফে।
আর সেই দলে অন্যদের মতোই যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানকে খুব করে চাইছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
কদিন আগে কোচ মারুফুল হক বাফুফের সঙ্গে প্রাথমিক দল নিয়ে আলোচনা করেছেন। একই সময়ে দুটি জাতীয় দলের কার্যক্রম থাকায় খেলোয়াড়দেরও ভাগ করে নিতে হচ্ছে।
তবে সান মারিনোর বিপক্ষে দলে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা থাকছেন।
অন্যদিকে মালদ্বীপে খেলতে চলা দলটি হবে তুলনামূলক তরুণ্যনির্ভর।
প্রাথমিক দলে রাখা হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় রোনান সুলিভানকে। এ ছাড়া আরো কয়েকজন প্রবাসী ফুটবলারও আছেন বিবেচনায়।
তবে রোনানকে নিয়েই জটিলতা দেখা দিয়েছে।বয়সভিত্তিক সাফে দুর্দান্ত পারফরম্যান্সের পর বাফুফে চাইছে এই স্ট্রাইকার মালদ্বীপের টুর্নামেন্টেও খেলুক। কিন্তু ওই সময় পরীক্ষা থাকায় বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী নন রোনান।
এ নিয়ে বাফুফের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও তাকে দলে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
এ ব্যাপারে বাংলাদেশ দলের ম্যানেজার শাহীন হাসান একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা মানসম্মত খেলোয়াড় দলে চাই।
রোনান সুলিভানকে চাওয়া হয়েছে। যতদূর শুনেছি, পরীক্ষার কারণে তাকে না পাওয়ার সম্ভাবনা আছে। তবে তাকে পাওয়ার চেষ্টা চলছে। এছাড়া যেসব প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে, তাদের নেওয়ার সুযোগ আছে। যেমন তানিন শালিককে পাওয়া যাবে, আরহাম নেই। আমরা চাই ভালো দল নিয়ে মালদ্বীপে ভালো করতে।’
আগামী ২৪ মে থেকে মারুফুল হকের অধীনে ফর্টিস এফসির মাঠে অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। কদিনের মধ্যে দলও ঘোষণা করা হবে।









































