মিকেল আর্তেতাকে হলুদ কার্ড দেখান রেফারি জন ব্রুকস। ছবি : সংগৃহীত
ফুটবলে রেফারির সিদ্ধান্ত নিয়ে কোচদের অসন্তোষ নতুন কিছু নয়। তবে মিকেল আর্তেতার সঙ্গে যা ঘটেছে, সেটি একটু অন্য রকম।
ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারি জন ব্রুকসের দিকে হাসিমুখে এগিয়ে গিয়েছিলেন আর্সেনাল কোচ আর্তেতা। দেখে মনে হচ্ছিল, বুঝি আলিঙ্গনই করতে যাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত আলিঙ্গনের বদলে তার ভাগ্যে জুটেছে হলুদ কার্ড।
পরশু রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে টেকনিক্যাল এলাকার বাইরে চলে যাওয়ায় আর্তেতাকে হলুদ কার্ড দেখান রেফারি ব্রুকস।কার্ড দেখানোর আগে রেফারির দিকে এগিয়ে যান আর্সেনাল কোচ। তার মুখে তখন হাসি, ভঙ্গিতেও ছিল বেশ বন্ধুত্বপূর্ণ ভাব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য দেখে অনেকেই মজা পেয়েছেন।
অবশ্য কার্ড দেখায় খুব বেশি কষ্ট পাওয়ার কথা নয় আর্তেতার।ব্রুনো গিমারায়েস ও বুকায়ো সাকার গোলে আর্সেনাল ২-০ ব্যবধানে সান্ডারল্যান্ডের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে গানাররা।










































