ফ্রিজে যেসব খাবার সংরক্ষণ না করাই ভালো

সংগৃহীত ছবি

খাবার পচে যাওয়া থেকে বাঁচাতে এবং বেশি দিন টাটকা রাখতে আমাদের প্রথম ভরসা রেফ্রিজারেটর। রান্না করা খাবার থেকে শুরু করে কাঁচা বাজার—সবই আমরা অনায়াসে ফ্রিজে তুলে রাখি।তবে পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের মতে, সব খাবার ফ্রিজে রাখা মোটেও স্বাস্থ্যকর নয়। বেশ কিছু উপাদান ফ্রিজের নিম্ন তাপমাত্রা ও আর্দ্রতার সংস্পর্শে এসে রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। চলুন, জেনে নিই সুস্থ থাকতে যেসব খাবার ফ্রিজে রাখা থেকে বিরত থাকবেন।

রসুন: ফ্রিজের আর্দ্রতায় রসুনে দ্রুত ফাঙ্গাস বা ছত্রাক ধরে যায় এবং ভেতরে অঙ্কুর গজাতে শুরু করে।এর ফলে রসুনের প্রাকৃতিক স্বাদ নষ্ট হয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি বাড়ে, যা পেটের সমস্যার কারণ হতে পারে।

পেঁয়াজ: অতিরিক্ত আর্দ্রতার কারণে ফ্রিজে পেঁয়াজ দ্রুত নরম ও স্যাঁতসেঁতে হয়ে পড়ে। বিশেষ করে কাটা পেঁয়াজ ফ্রিজে রাখলে তা বাতাসের ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত শুষে নেয়। তাই পেঁয়াজ সব সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় খোলা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা উচিত।

আলু: আলুতে থাকা শ্বেতসার বা স্টার্চ ফ্রিজের ঠাণ্ডায় দ্রুত চিনিতে রূপান্তরিত হয়। এই ধরনের আলু পরবর্তীতে বেশি তাপে রান্না বা ভাজলে ‘অ্যাক্রিলামাইড’ নামক ক্ষতিকর রাসায়নিক যৌগ তৈরি হয়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

আদা: আর্দ্র পরিবেশে আদা দ্রুত পচে যায় এবং এর গায়ে ফাঙ্গাস জমে। ফাঙ্গাসযুক্ত আদা খেলে যকৃৎ ও কিডনির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আদা সব সময় শুকনো স্থানে সংরক্ষণ করা শ্রেয়।

মধু: ফ্রিজে রাখলে মধু জমাট বেঁধে দানাদার হয়ে যায়, যা এর স্বাভাবিক ঘনত্ব ও স্বাদ নষ্ট করে দেয়। যদিও এটি বিষাক্ত হয় না, তবে এর প্রাকৃতিক গুণাগুণ অনেকটাই কমে যায়। মধু ঘরের সাধারণ তাপমাত্রাতেই দীর্ঘদিন ভালো থাকে।

খাবার টাটকা রাখার পাশাপাশি তা সংরক্ষণের সঠিক উপায় জানা সমান গুরুত্বপূর্ণ। কাঁচা রসুন, পেঁয়াজ বা আলু ফ্রিজে না রেখে ঘরের শুকনো ও ছায়াযুক্ত স্থানে ঝুড়িতে রাখাই সবচেয়ে স্বাস্থ্যকর অভ্যাস।

LEAVE A REPLY