ঢালিউড অভিনেতা জয় চৌধুরী ক্যারিয়ার, সিন্ডিকেট, সহশিল্পী আর ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এ অভিনেতা। কথা বলেছেন সুপারস্টার শাকিব খানকে নিয়েও। তার একটি গান সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন শাকিব খান। যে গানটি নাকি শাকিব খান নিজের জন্যও চেয়ে নিয়েছিলেন বলে জানান অভিনেতা।
সত্যি কি সিনেমা থেকে জয় চৌধুরীর একটি গান বাদ দেওয়া হয়েছিল?—এমন প্রশ্নের উত্তরে জয় চৌধুরী সরাসরি স্বীকার করে বলেন, হ্যাঁ ‘কথা সত্যি। আমার তৃতীয় সিনেমা ছিল ‘হিটম্যান’। গানটি নিয়ে আমি ভীষণ মন দিয়ে কাজ করেছিলাম। দিনরাত পরিশ্রম করেছি; কিন্তু পরে দেখি গানসহ পুরো সিনই সিনেমাতে নেই। বিষয়টি আমার জন্য ভীষণ কষ্টকর ছিল বলে জানান এ অভিনেতা।
জয় বলেন, নির্মাতা ওয়াজেদ আলী সুমন তাকে বলেছিলেন— তিনি কিছু করতে পারেননি। কারণ শাকিব খানের চাপে গানটি বাদ দেওয়া হয়। এমনকি শাকিব খান নাকি গানটি নিজের জন্যেও চেয়েছিলেন।
অভিনেতা বলেন, শাকিব ভাই যেহেতু সিনিয়র ছিলেন, তাই সেটি মেনে নিয়েছি। তবে এরপর থেকে যখনই এক সিনেমায় একাধিক নায়ক থাকে, আগেই সব পরিষ্কার করে নিই।
নির্মাতাদের দায়িত্ব প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে জয় বলেন, ‘একজন ডিরেক্টর মানে জাহাজের ক্যাপ্টেন। তিনি জানবেন জাহাজ কোথায় যাবে; কিন্তু যদি নায়ক-নায়িকা বা প্রযোজকের কথায় কাজ করেন, তাহলে তো তিনি ক্যাপ্টেন নন। তিনি বলেন, আমি বলব, যেসব পরিচালক এরকম করেন, তাদের ব্যক্তিত্ব বা আত্মসম্মানবোধ কোনোটাই নেই।’
অপু বিশ্বাস না শাকিব খান— কার সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?—এমন প্রশ্নের উত্তরে জয় চৌধুরী বলেন, নায়িকার সঙ্গে কাজ করতে তো পৃথিবীর সব নায়কই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শাকিব ভাই তো সিনিয়র একজন মানুষ। তার কাছ থেকে অনেক দিকনির্দেশনা পেয়েছি। তবে আমাদের দুর্ভাগ্য, আমরা কেউ তার কাছ থেকে শেখার সুযোগ পাই না। তিনি সে সুযোগ দেন না।
অভিনেতা বলেন, অপু বিশ্বাসকে তিনি অসাধারণ অভিনেত্রী ও মানুষ হিসেবে মনে করেন। নতুন প্রজন্মের সহশিল্পীরা তার কাছ থেকেও অনেক কিছু শিখতে পারে বলে জানান জয় চৌধুরী








































