সংগৃহীত ছবি
হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে আগের তুলনায় একটু বেশি ‘বাল্কি’ মনে হচ্ছিল তাঁর।তাই আর দেরি না করে শুরু করেন ওজন কমানোর মিশন।
নিয়মিত ব্যায়াম ও কঠোর খাদ্যাভ্যাসে দুই মাসের মধ্যেই ছয় কেজি ওজন কমিয়েছেন এই অভিনেত্রী। তবে এখানেই থামতে চান না, লক্ষ্য আরো চার কেজি কমানো।
একসময় নিজেকে ‘ভেতো বাঙালি’ বলেই পরিচয় দিতেন দীঘি।ভাত ছাড়া যেন চলতেই পারতেন না। অথচ এখন তাঁর খাবারের তালিকা থেকে প্রায় বাদই পড়েছে ভাত। সপ্তাহে মাত্র এক দিন ভাত খাচ্ছেন তিনি। পাশাপাশি চলছে নিয়মিত শরীরচর্চা।

নিজের ওজন কমানোর প্রসঙ্গে দীঘি বলেন, ‘গত দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরো চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নাই হয়ে গেছে বলতে পারেন।এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’
ভাতের পরিবর্তে এখন তাঁর খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে সিদ্ধ ডিম, সিদ্ধ সবজি ও তেলছাড়া রান্না করা চিকেন।
দীঘির কথায়, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সিদ্ধ ডিম খাই, সিদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে রান্না করা তেলছাড়া সিদ্ধ চিকেন খাই।’

দুই মাস ধরে এভাবেই চলছে দীঘির ওজন কমানোর মিশন। আপাতত ডিসেম্বর পর্যন্ত এই রুটিন চালিয়ে যেতে চান তিনি। তবে আগে তাঁর ওজন কত ছিল কিংবা ছয় কেজি কমানোর পর বর্তমানে কত হয়েছে, তা জানাতে চান না অভিনেত্রী।
দীঘি বলেন, ‘ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।’
তবে শুধু নিজের ভালো লাগার জন্যই নয়, কাজের প্রস্তুতির অংশ হিসেবেও নিজেকে ফিট করছেন দীঘি। সামনে নতুন একটি কাজের পরিকল্পনা চলছে। সেই কাজের জন্য আরো ঝরঝরে ও ফিট লুকে নিজেকে উপস্থাপন করতে চান তিনি।
দীঘির বিশ্বাস, ফিট থাকলে পর্দায় নিজেকেও ভালো লাগে। আর পর্দায় নিজেকে ভালো লাগলে কাজের প্রস্তাবও বাড়ে।

এদিকে সম্প্রতি নতুন লুকে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন দীঘি। ছবি দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো বেড়াতে গেছেন অভিনেত্রী।
তবে জানা গেছে, অবকাশযাপনের জন্য নয়, শুটিংয়ের কাজেই কক্সবাজারে গিয়েছিলেন তিনি।
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পরিচিতি পাওয়া দীঘি পরবর্তী সময়ে নায়িকা হিসেবেও নিজের জায়গা তৈরি করেছেন। মেহেদি হাসান হৃদয় পরিচালিত তাঁর অভিনীত ‘বিদায়’ এখন মুক্তির অপেক্ষায়। এ ছাড়া সুমন ধর পরিচালিত একটি ওয়েব ফিল্মের শুটিংও শেষ করেছেন তিনি। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।








































