মির্জাপুরে সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান

সংগৃহীত ছবি

মির্জাপুর ক্যাডেট কলেজের তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনীর দ্বিতীয় দিন আজ শুক্রবার জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান মির্জাপুর ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; কলেজের অধ্যক্ষ, মির্জাপুর এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও অভ্যাগত অতিথি।

এরপর সেনাপ্রধান মির্জাপুর এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও সাবেক ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাদের দেশ সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেট, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY