সংগৃহীত ছবি
দর্শকদের জন্য চমক নিয়ে আসছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। অন্তর্জালে শুক্রবার রাতে উন্মুক্ত হয়েছে গায়িকার ‘ইরাস ট্যুর: দ্য এন্ড অব অ্যান এরা’—এর নতুন টিজার। টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় তার নতুন এই তথ্যচিত্র সিরিজ।
তথ্যচিত্রটি তৈরি হয়েছে তার বহুল আলোচিত ইরাস ট্যুরকে কেন্দ্র করে।
ইনস্টাগ্রামে নতুন টিজার শেয়ার করে ৩৫ বছর বয়সী গ্র্যামিজয়ী শিল্পী ইরাস ট্যুরের কিছু অপ্রকাশিত ফুটেজও প্রকাশ করেছেন।
টিজারে ভক্তদের উদ্দেশে সুইফট বলেন, ‘অনেক সময় ধরে এই ট্যুরের শেষের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমরা, আর আজকে আমরা আপনাদের জন্য শেষ শো করতে যাচ্ছি। সবকিছুর জন্য কৃতজ্ঞতা। আমি কতটা রোমাঞ্চিত বোঝাতে পারব না।
’

জানা গেছে, ছয় পর্বের এই তথ্যচিত্রে থাকবে অপ্রকাশিত বিভিন্ন ফুটেজ, ট্যুরের কয়েকটি ম্যাশআপ গান। এ ছাড়া দীর্ঘ এই সংগীত সফরে মঞ্চের বাইরে সুইফটের দীর্ঘ প্রস্তুতির গল্পও থাকবে।
এই ট্যুরের সময়ই ট্র্যাভিস কেলসির প্রেমে পড়েন সুইফট; থাকবে তাদের সম্পর্কের গল্পও।
তথ্যচিত্রটি সম্পর্কে সুইফট বলেন, ‘একটা ট্যুরের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়।
এটা আপনাকে শারীরিক ও মানসিক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে। দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে সফরের না–বলা অনেক গল্পই ভক্তরা জানতে পারবেন।’
তথ্যচিত্রটির প্রথম দুই পর্ব ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পাবে আগামী ১২ ডিসেম্বর।
সূত্র: ভ্যারাইটি











































