সংগৃহীত ছবি
নতুন মৌসুমের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে জার্মানির অষ্টম স্তরের ক্লাব রোটাচ-এগার্নকে ১৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ায় প্রতি বছরের ঐতিহ্যবাহী এই ম্যাচে কোচ ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা প্রত্যাশিত জয় পেলেও, খেলার মূল নজর কেড়ে নিয়েছে প্রতিপক্ষ দলের এক অদ্ভুত বদলি খেলোয়াড়।
ম্যাচের ৭৯তম মিনিটে রোটাচ-এগার্ন মাঠে নামায় ক্লাবটির ক্যাশিয়ারকে (কোষাধ্যক্ষ)! পেশায় একজন পুলিশ কর্মকর্তা এবং ২০০২ সাল থেকে ক্লাবের সঙ্গে যুক্ত এই প্রবীণ ব্যক্তি জোশুয়া কিমিচ, জোনাথন তাহ, জোয়াও পালহিনহা ও কিম মিন-জেদের মতো বিশ্বসেরা তারকাদের বিরুদ্ধে খেলার সুযোগ পান। মুখে ছাঁটা গোঁফ আর গায়ে দলের জার্সি চেপে মাঠে তার এই উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
সামাজিক মাধ্যমে ভক্তরা এই ঘটনা নিয়ে রসিকতায় মেতে ওঠেন। একজন এক্স-এ (সাবেক টুইটার) মন্তব্য করেন, ‘বায়ার্নের খেলোয়াড়রা নির্ঘাত চরম বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলেন!’ আরেকজন লেখেন, ‘বল না ছুঁলেও এই ব্যক্তি তার ক্যারিয়ারের সেরা হাইলাইট পেয়ে গেছেন।’
অন্য এক ভক্ত লিখেছেন, ‘তৃণমূল ফুটবলের আসল মজা এখানেই—এক মুহূর্তে আপনি হিসাবের খাতা সামলাচ্ছেন, আর পর মুহূর্তেই বায়ার্নের বিপক্ষে মাঠে নামছেন!’
মাঠে বায়ার্নের জয়ে জোড়া গোল করে অবদান রাখেন আলেকজান্ডার পাভলোভিচ, আরিয়েন ইব্রাহিমোভিচ, ফেলিপে চাভেজ, মাইকন কার্দোজো, আরমিন্ডো সিয়েব ও বাস্তিয়ান আসোমু। এ ছাড়া স্কোরবোর্ডে নাম তোলেন পালহিনহা, কিমিচ ও ইস্কান্দার নুরায়ে।
তবে এই ম্যাচে ছিলেন না থ্রি লায়ন্সদের বিশ্বকাপ ৩য় স্থান অর্জনের পর ছুটিতে থাকা ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।











































