মারিব ও হাদরামউত প্রদেশে সেনাবাহিনীর ক্যাম্পে হামলার জবাবে হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেন সেনাবাহিনী। শনিবার (৮ জুলাই) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, বিভিন্ন ফ্রন্টে হুতিদের অবস্থান এবং তাদের সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, হুথিরা বিদেশি ইন্ধনে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতে টেনে নিচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংস করছে এবং সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেছেন, হুথিদের পক্ষ থেকে হামলা বন্ধ না হলে সেনাবাহিনী কোনো দ্বিধা ছাড়াই কঠোর জবাব দেবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মারিব ও হাদরামউত প্রদেশে সেনাঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন সেনা ও কর্মকর্তা নিহত হন। ওই হামলার পরই সেনাবাহিনী এই নতুন অভিযানের ঘোষণা দিল।
তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত জুলাই মাস থেকেই দেশটিতে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষ চলে আসছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।











































