ইমরান খানের মুক্তি চান জাভেদ মিয়াঁদাদ

ইমরান খানকে নিয়ে কথা বলার সময় মিয়াঁদাদের চোখ বেয়ে পানি নামে। ছবি : এক্স থেকে

শুধু খেলার মাঠেই নেতৃত্ব দেননি ইমরান খান। মাঠের গণ্ডি পেরিয়ে দেশকেও নেতৃত্ব দিয়েছেন তিনি।হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও। তবে রাজনীতিতে যুক্ত হয়েই এখন বিপদে ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। কেননা দুনীর্তিসহ আরো অনেক মামলায় গত ৩ বছর ধরে কারাবন্দী তিনি। 

দীর্ঘ দিন জেলে থাকায় ইমরানের স্বাস্থ্যর অবনতি হয়েছে।তার সুচিকিৎসা ও ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে একযোগে কিছুদিন আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্দেশে চিঠি লেখেন ২১ জন সাবেক অধিনায়ক। বিভিন্ন দেশের কিংবদন্তি অধিনায়কদের চিঠিকে সমর্থন জানিয়ে গতকাল ইমরানের পাশে দাঁড়ান অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স।

সেই সঙ্গে স্কাই স্পোর্টসকে ইমরান খানের দুই ছেলে সাক্ষাৎকার দেওয়ায় এখন বেশ আলোচনায় পাকিস্তানের সাবেক অধিনায়ক। এবার সাবেক অলরাউন্ডারকে নিয়ে কথা বলেছেন জাভেদ মিয়াঁদাদ।একে-অপরের অধীনে বহু ম্যাচ খেলেছেন দুজনে। ১৯৯২ বিশ্বকাপে ইমরানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন মিয়াঁদাদ।

তাই দুজন-দুজনকে ভালোভাবেই চেনেন ইমরান-জাভেদ। সেই জানাশোনা থেকেই মিয়াঁদাদ জানান, ইমরান দুর্নীতি করার লোক নন। কাঁদতে কাঁদতে ‘ন্যারেটিভ’ ইউটিউব চ্যানেলকে মিয়াঁদাদ বলেছেন, ‘তিনি একজন সৎ মানুষ।দুর্নীতি করার মতো মানুষ নন তিনি, নইলে আরও অনেক কিছুই করতে পারতেন। তাকে ছেড়ে দিলে কী এমন হবে? তিনি কি কাউকে খেয়ে ফেলবেন বা কারো ক্ষতি করবেন? তিনিও তো কারো সন্তান। আমি সারাক্ষণ ভাবি, তিনি এখন কী করছেন।’

পাকিস্তান সরকার দ্রুতই ইমরানের বিষয়ে সমাধান টানুক এমনটাই চাওয়া মিয়াঁদাদের। ইমরানকে ‘জাতীয় বীর’ সম্বোধন করে সাবেক ব্যাটার বলেছেন, ‘যা ভুল, তা ভুলই। তিনি অবশ্যই একজন জাতীয় বীর। আমি প্রার্থনা করি, এই সমস্যার সমাধান হোক। পাকিস্তান সরকারের কাছে আমার আবেদন। আমার প্রার্থনা, ন্যায়সংগত বিষয়টির জয় হোক। আমি যা বলছি, হৃদয় থেকেই বলছি।’

ইমরানের কিছু হলে পাকিস্তানের পরিস্থিতি কী হবে এমন শঙ্কা প্রকাশ করে মিয়াঁদাদ বলেছেন, ‘সৃষ্টিকর্তা না করুন, ওনার কিছু হলে দেশে কী ঘটবে, তা কি কল্পনা করতে পারেন? পুরো পাকিস্তান কাঁদবে। পাকিস্তানকে নিজের সবটুকু দিয়েছে তিনি। তিনি একজন কিংবদন্তি। বিষয়টির সমাধান করুন। আমিও মানুষ। তিনি আমার ভাইয়ের মতো।’

৭৩ বছর বয়সী ইমরানের সুচিকিৎসার দাবিতে চিঠিতে সই করেন—মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইটের মতো কিংবদন্তিরা। সঙ্গে নারী ক্রিকেটের কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল।

LEAVE A REPLY