‘অবিশ্বাস্য’ চেরকিকে প্রশংসায় ভাসালেন সিটি কোচ

ছবি : রয়টার্স

রায়ান চেরকির এক অনন্য ও ‘অবিশ্বাস্য’ পারফরম্যান্সে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর তাতেই নতুন কোচ এনজো মারেসকার অধীনে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করল সিটিজেনরা।

প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পাননি ২৩ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার চেরকি। বদলি নেমে জোড়া অ্যাসিস্ট করেও একাদশে না থাকার সেই আক্ষেপ হয়তো ভেতরে পোষা ছিল তার। সেলহার্স্ট পার্কে শুরুর একাদশে ফিরেই নিজের জাত চেনালেন অলিম্পিক লিওঁর সাবেক এই ফরোয়ার্ড। স্বাগতিকদের জালে জোড়া গোল জমা করে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন সুদে-আসলে।

বৃষ্টিভেজা দক্ষিণ লন্ডনে প্রথমার্ধে এরলিং হল্যান্ডের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। তবে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার আত্মঘাতী গোলে সমতায় ফেরে প্যালেস। এরপরই শুরু হয় শার্কি-শো। দুর্দান্ত দুটি গোল করে সিটিকে জয়ের পথ দেখান তিনি।শেষ দিকে হল্যান্ড নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মারেসকার শিষ্যরা।

ম্যাচ শেষে চেরকির মাঠের পারফরম্যান্সের পাশাপাশি রক্ষণে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন সিটি কোচ এনজো মারেসকা। তিনি বলেন, ‘বল ছাড়া চেরকির কাজ এক কথায় অবিশ্বাস্য ছিল। তার গুণাবলি সম্পর্কে সবাই জানে, কিন্তু বল নিজের কাছে না থাকলেও ও কতটা কঠোর পরিশ্রম করতে পারে তা আজ দেখিয়েছে। অ্যাডাম ওয়ার্টনকে পুরোপুরি বোতলবন্দী করে রেখেছিল ও।নিঃসন্দেহে ও অসাধারণ খেলেছে।’

তবে নিজের সেরা রূপ এখনও বাকি বলেই মনে করেন তরুণ এই ফরাসি তারকা। বিনয়ী কণ্ঠে চেরকি জানান, ‘আমার পারফরম্যান্স আজ মাঝামাঝি মানের ছিল। প্রথমার্ধে ফাঁকা জায়গা খুঁজে পাচ্ছিলাম না, বেশ কিছু ভুল করেছি। নিজেকে আরও প্রমাণ করতে চাই, পরের ম্যাচে আরও ভালো ফুটবল উপহার দেওয়াই লক্ষ্য।’

গত মৌসুম শেষে পেপ গার্দিওলা সিটির দায়িত্ব ছাড়ার পর মারেসকার অধীনে যেন এক নতুন যুগের সূচনা করেছে ম্যানচেস্টার ক্লাবটি। গার্দিওলা অধ্যায়কে সম্মান জানিয়ে চেরকি বলেন, ‘পেপ এক বিরাট ইতিহাসের নাম। তবে আমরা এখন নতুন এক গল্প লেখা শুরু করতে চাই। আমরা এখানে নিজেদের প্রমাণের জন্যই এসেছি।’

LEAVE A REPLY